মোঃ মাহবুব হোসেন মেজর, জেলা প্রতিনিধি (দিনাজপুর):
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ি ও জমিতে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে ৭ প্রকার সবজির বীজ এবং সোমবার আরও ২৮০ জন কৃষককে ১০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও ৪ প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজর, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি মোঃ হালিম আল রাজি, মুভি বাংলা টিভির প্রতিনিধি মোঃ মোকছেদুল মোমিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের স্বাবলম্বী করা। কৃষি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের আগ্রহ বাড়াতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন কৃষি সহায়তা দিচ্ছে।
বিনামূল্যে সার ও বীজ পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।