রাজধানীর হাজারীবাগে মাদক সম্রাট স্বপনের সহযোগী টিটু গ্রেপ্তার : র‍্যাব-২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কথিত মাদক সম্রাট স্বপন ওরফে বরিশাইলা স্বপনের সহযোগী টিটুকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২।

জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে হাজারীবাগের গণকটুলি এলাকায় প্রকাশ্যে মাদক লেনদেনের দৃশ্য দেখানো হয়। প্রতিবেদনে দেখা যায়, স্বপন তার থ্রি-কোয়ার্টার প্যান্টের পকেট থেকে মাদক বের করে সহযোগী টিটুর কাছে দিচ্ছেন এবং টিটু তা বিক্রি করছেন। প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

এরপর র‍্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় মাদক সম্রাট স্বপন কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব জানিয়েছে, স্বপনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার টিটুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, স্বপনকে বিভিন্নভাবে সহযোগিতা করেন আমির ওরফে দাড়িওয়ালা আমির নামের এক ব্যক্তি। তিনি নিজেকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন বলেও অভিযোগ করেন তারা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *