নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর লালবাগে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের লালবাগ থানা শাখার সদস্য সচিব নুরুদ্দিন মিন্টু (৪৫) কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় তার ছেলে ওমরও আহত হয়েছেন। বর্তমানে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি গতকাল রাত আনুমানিক ২টার দিকে লালবাগের ভাট মসজিদ এলাকায় মিন্টুর বাসার সামনের প্রধান সড়কে ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকজন যুবক মিন্টুকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যায়। তিনি বাইরে বের হলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে। এ সময় মিন্টুর চিৎকার শুনে ছেলে ওমর বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
আহত মিন্টুর স্ত্রী রিতা বেগম বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্যরা বাসায় এসে আমার স্বামীকে ডেকে নেয়। তিনি বাইরে গেলে তারা অতর্কিত হামলা চালায়। পরে আমার ছেলে বাবাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-ছেলেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিএনপি নেতা মিন্টুর ওপর হামলার বিষয়টি আমাদের জানা আছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে তারা অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
এদিকে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বী এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।