বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক

সুলতান মাহমুদ রেজা, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে নগর ভবন চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ। তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর বিস্তার রোধ করা সম্ভব।”

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। রাজশাহী সিটি করপোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগর গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে এবং মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মাহফুজুর রহমান রিটন জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একইভাবে ডেঙ্গু প্রতিরোধেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে।

র‌্যালিতে অংশ নেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, সিডিসির সদস্য, রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবকেরাও র‌্যালিতে অংশ নেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *