শ্রমিকদের ন্যায্য অধিকার ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন-বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।

রোববার (১৭ মে) দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আজাদ, সাবেক নির্বাহী সদস্য শফিকুল ইসলাম হৃদয় ও সদস্য মাসুদ রানা ইকবাল প্রমুখ।

মানববন্ধনে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার বলেন, “কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৮৬ বর্তমানে একটি সিলেকশন কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ান।”

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের সুপারিশে এ সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। অথচ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এ ধরনের সিলেকশন কমিটি গঠনের কোনো বিধান নেই। তাই দ্রুত ত্রি-বার্ষিক নির্বাচনের ব্যবস্থা করা না হলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।”

সাবেক সদস্য মাসুদ রানা ইকবাল বলেন, “একটি রাজনৈতিক দল অবৈধভাবে সিলেকশন কমিটি গঠন করে শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করেছে। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো পক্ষপাতিত্ব না করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করুন।”

তিনি আরও বলেন, “মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণঅভ্যুত্থান হলেও এখনো শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে কঠোর সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে।”

পরে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের সড়ক প্রদক্ষিণ করেন শ্রমিকরা। শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করেন শ্রমিক নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *