ভূমিসেবা মেলা: কুড়িগ্রামে ভূমি অফিসের সেবার মানোন্নয়নে গণশুনানি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়ন এবং নাগরিক ভোগান্তি নিরসনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হুমায়ুন কবির, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি অফিসের সেবাকে আরও জনবান্ধব ও স্বচ্ছ করতে কাজ চলছে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, খতিয়ান সংশোধন, নামজারি, খাজনা প্রদান ও জমিসংক্রান্ত যেকোনো বিরোধ বা অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভূমি অফিসে সেবা নিতে আসা নাগরিকরা যেন কোনো ধরনের হয়রানি বা দুর্নীতির শিকার না হন, তা নিশ্চিত করার পাশাপাশি ই-নামজারি ও অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো স্মার্ট ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

গণশুনানি শেষে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৩ জন ব্যক্তির মাঝে মোট ৬৫ লাখ ৫২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেব নাথ ভূমিসেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *