আজ যশোরে দুদকের ১৮৭তম গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:- সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহে সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ (২৬ অক্টোবর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৭তম গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার বা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের সামনে তুলে ধরবেন। অভিযোগ শোনার পর দুদক তাৎক্ষণিক সিদ্ধান্তও নেবে বলে জানা গেছে।

গণশুনানির মূল লক্ষ্য হলো সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করা, যাতে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা যায়।

এ উপলক্ষে যশোর জেলায় গত এক সপ্তাহ ধরে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ ও অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করেছে দুদক। ইতোমধ্যেই গণশুনানিকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

দুর্নীতির বিরুদ্ধে যশোরবাসীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দুদক কর্তৃপক্ষ জেলার নাগরিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের গণশুনানিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *