৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মচারীরা ৭ দফা দাবিতে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই স্মারকলিপি প্রদান করা হয়। কুড়িগ্রাম সওজ অফিসের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে স্মারকলিপিটি প্রধান প্রকৌশলীর নিকট পাঠানো হয়।

কর্মচারীরা জানান, মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন, ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং তাতে আরও ৭টি মামলা অন্তর্ভুক্ত করার দাবিসহ তাদের দীর্ঘদিনের দাবি আদায়ের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এর আগে ৯ অক্টোবর থেকে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাত দিন এক ঘণ্টা করে কর্মবিরতি, ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ এবং ২৩ অক্টোবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব মিয়াসহ সওজ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।

স্মারকলিপিতে কর্মচারীরা নিম্নলিখিত ৭ দফা দাবি তুলে ধরেন—

১️⃣ ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে।
২️⃣ সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪ আনুষাঙ্গিক প্রতিষ্ঠান কোড থেকে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে।
৩️⃣ সওজের মাস্টাররোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক অবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
৪️⃣ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণ ও পদোন্নতি দিতে হবে।
৫️⃣ সওজের মাস্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০-২৫ এর অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।
৬️⃣ সওজের সকল কর্মচারীর পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে হবে।
৭️⃣ সওজ ও উন্নয়ন প্রকল্পে কর্মরত সকল কর্মচারীর পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রকল্পের ডাটাবেজের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।

স্মারকলিপিতে ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *