রফিকুল ইসলাম খান
ঢাকা, ১৬ জুলাই ২০২৬: রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মিরপুর রিপোর্টার্স ক্লাব।
নিহতরা হলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা। একই সঙ্গে দুর্ঘটনার সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।
এক শোকবার্তায় মিরপুর রিপোর্টার্স ক্লাব নিহত দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছে।