পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলশিক্ষার্থী ও ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক:- পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় ট্রাকচাপায় ভ্যানের দুই স্কুলশিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার (১০), পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা (১১) ও ভ্যানচালক আকরাম হোসেন (৩০)। দুর্ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী—সাদ হোসেন (১০)। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি পুবপাড়া থেকে জালালপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশবোঝাই ট্রাক হঠাৎ ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে মহাসড়কে বাঁশ পড়ে যায়, ফলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *