বিশেষ প্রতিনিধি
জ্ঞানচর্চা গবেষণা ও ঐতিহ্যের গৌরবময় পথচলার সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৩ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
সোমবার (৬ জুলাই) সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অতীত বর্তমান সাফল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রশাসক মো মাহফুজুর রহমান রিটন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যবৃন্দ বিভিন্ন অনুষদের ডিন আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা গবেষণা সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ মানবসম্পদ উন্নয়ন এবং দেশ-জাতির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় বিশ্ববিদ্যালয় পরিবারের মিলনমেলায়।