কুড়িগ্রাম প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর ২০২৫
কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে শত শত নেতাকর্মী অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে ৩১ দফা বর্তমানে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব দফার মধ্যে প্রশাসনিক কাঠামো সংস্কার, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমতা প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের ক্ষমতায়নসহ মৌলিক সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত।
লিফলেট বিতরণকালে মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, “দেশ আজ এক অচলাবস্থার মধ্যে রয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রব্যবস্থা জর্জরিত। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির বার্তা।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রৌমারীতে বিএনপির এ কর্মসূচি শুধু একটি প্রচারণা নয়; বরং এটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনের একটি তাৎপর্যপূর্ণ অংশ। স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়াতে ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগকে দলের কৌশলগত প্রস্তুতির অগ্রভাগ হিসেবে দেখা হচ্ছে।