কুড়িগ্রামে কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি, ১২ সেপ্টেম্বর ২০২৫:

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কৃষিজমি কেড়ে নিয়ে তা ভূটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) হিসেবে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার বিকেলে মাধবরাম এলাকায় রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত কৃষক অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত কৃষকরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দেন এবং জোরালোভাবে দাবি জানান যে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের আবাদি জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে বিদেশি মহলের হাতে লিজ দেওয়া হচ্ছে—এটা তারা কখনো মেনে নেবেন না।

সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, ভোগডাঙা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, এরশাদুল মিয়া সহ স্থানীয় কৃষক নেতারা।

বক্তারা বলেন, “এই জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমি ছাড়ব না।” তারা আরও অভিযোগ করেন, সরকার কৃষকের উন্নয়নের কথা বললেও বাস্তবে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে জমি তুলে দেয়া হচ্ছে।

সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপিত করা হয়—

  1. ভোগডাঙা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল করা হোক।
  2. ভূটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল করা হোক।
  3. জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ এবং তাঁদের বিরুদ্ধে হয়রানি বন্ধ করা হোক।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *