শহীদুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনায় মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্যকর্মের ওপর মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ওয়ালী উল্লাহ এবং প্রবন্ধ উপস্থাপন করেন কবি শোকরান খান। সভার সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার সভাপতি কনক পণ্ডিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজমিরি ইসলাম।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ, প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক পূরবী সম্মানিত, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সূফী কবি এনামূল হক পলাশ, কবি সাজ্জাদ হোসেন, মনির হোসেন বরুণ, কবি বদিরুজ্জামান, অচিন্ত্য গোস্বামী, মেরিট পণ্ডিত প্রান্ত প্রমুখ।
আলোচনার শুরুতে সদ্য প্রয়াত অধ্যাপক যতীন সরকারের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও সংস্কৃতি মঞ্চের শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।