কুড়িগ্রাম প্রতিনিধি, ১৩ সেপ্টেম্বর ২০২৫:
“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাংটুর ঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেনের উদ্যোগে ও ওরাকল পাঠাগার, আরাজীপলাশবাড়ীর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাঈল হোসেন। সভাপতিত্ব করেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের প্রভাষক শাহনাজ বেগম, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সমাজসেবক মো. মোজাম্মেল হক, দেশ টিভির জেলা প্রতিনিধি মো. জুয়েল রানা, সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরুন্নাহার আক্তার নুরী এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মালেক সরকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে বাংটুর ঘাট এলাকায় বনজ, ফলজ, ঔষধি ও ভূমিক্ষয় রোধকারী শতাধিক চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন ইতোমধ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বাঁধ, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ পৌর এলাকায় প্রায় ১৩ হাজার চারা রোপণ করেছেন। তার উদ্যোগে রোপিত এসব বৃক্ষ স্থানীয় জনগণের পরিবেশ, সৌন্দর্য ও উপকারে আসছে।