নিজস্ব প্রতিবেদক- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শফিউল আলম প্রধানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে শফিউল আলম প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তাঁর নেতৃত্বেই রাজনৈতিক পরিচিতি লাভ করেন।
মীর নেওয়াজ আলী বলেন, “অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, সেই শফিউল আলম প্রধানের পুত্র আজ নিজের পারিবারিক ইতিহাস ও রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি ভুলে গিয়ে জনাব তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অকৃতজ্ঞতার পরিচায়ক।”
তিনি আরও বলেন, “যাঁর বাবার রাজনৈতিক অস্তিত্ব জিয়া পরিবারের সহানুভূতি ও নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল, আজ সেই পরিবারের উত্তরসূরিকে নিয়ে এমন কটূক্তি করা চরম ধৃষ্টতা ও রাজনৈতিক অশালীনতার বহিঃপ্রকাশ।”
বিবৃতিতে তিনি বলেন, “জনাব তারেক রহমান আজ দেশের কোটি কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
মীর নেওয়াজ আলী নেওয়াজ এ বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বলেন, রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা সকলের দায়িত্ব।