পদ্মা সেতু টোল প্লাজায় ভুয়া ডিবি পুলিশ চক্রের ৬ সদস্য আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী একটি ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পিরোজপুরের মো. বশির হাওলাদার (৫৬), ঠাকুরগাঁওয়ের মো. কাজল ইসলাম জিকু (৩০), কুমিল্লার মো. হীরা বেপারী (৪৮), ময়মনসিংহের মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), নওগাঁর মো. রুবেল রানা (৩০) এবং শেরপুরের মো. ফয়সাল রাব্বি (২১)। তারা সবাই ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র ডিবি পুলিশের ছদ্মবেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির উদ্দেশ্যে শ্রীনগর থেকে মাওয়ার দিকে আসছে। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে টোল প্লাজার ৪ নম্বর লেনে সন্দেহভাজন মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো চ-১৬-২৯২৯) থামার সংকেত দেয় পুলিশ। এসময় গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতদের তল্লাশি করে ১টি ওয়াকিটকি, ১টি খেলনা পিস্তল, ১ জোড়া হাতকড়া (হ্যান্ডকাফ), ৪টি ডিবি পুলিশের কটি, ১টি ইলেকট্রিক শক মেশিন এবং ১টি লেজার লাইট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ সেজে এক্সপ্রেসওয়ে ও আশেপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০/১৭১/৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে পদ্মা সেতু (উত্তর) থানায় হস্তান্তর করা হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *