রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধচক্রের ১৮ জন সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন— শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, রায়েরবাজারের ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের কাছ থেকে ১২টি তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি সামুরাই, ১৩টি স্মার্ট ফোন, ১২৫ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্থানীয়রা জানান, চলতি মাসে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান, যার ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *