বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন বেনাপোল পৌর প্রেসক্লাবের কার্যকরী কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনজন সাংবাদিক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব উদ্দিন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান। তিনি জানান, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব উদ্দিন দৈনিক প্রজন্ম একাত্তর-এর সহকারী সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বেনাপোল বাজারস্থ অগ্রণী ব্যাংকের পশ্চিম পাশে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এবং পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মৌখিক প্রস্তাবের মাধ্যমে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে সভাপতি মোঃ মাহমুদুল হাসান বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অভিজ্ঞ ও সক্রিয় সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে।”
সহ-সভাপতি শেখ সেলিম হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “প্রেসক্লাব আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও ঐক্যবদ্ধ থাকতে আমি অঙ্গীকারবদ্ধ।”
সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি মর্যাদাপূর্ণ প্রেসক্লাব গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।”
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।