কুড়িগ্রাম প্রতিনিধি | ৪ জানুয়ারি ২০২৬
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অতিথি ও সভাপতিত্ব: জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জেলা সমাজসেবা কর্মকর্তা মুহঃ হুমায়ুন কবির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
- ডেপুটি সিভিল সার্জন ডাঃ গোলাম মোস্তফা।
- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি।
বক্তাদের বক্তব্য: আলোচনায় বক্তারা বলেন, সরকার পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তর দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। এসব সেবা কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পুরস্কার বিতরণ: আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে তাদের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অংশগ্রহণকারী: অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।