নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শামীম আহমদ। তিনি বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে অংশ নিয়েছিলেন তিনি। বর্তমানে ব্যানার, পোস্টার ও বিলবোর্ডের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনী রূপরেখা প্রণয়নের কাজ করছেন।
আগামী ২৪ এপ্রিল বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ কাউন্সিলে তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার অনুষ্ঠানে দলের সভাপতি কাজী রেজাউল হোসেন তার নাম মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলামসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
‘নবরূপে ঢাকা’ গড়ার অঙ্গীকার
শামীম আহমদ ‘নবরূপে ঢাকা’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার পরিকল্পনার মূল লক্ষ্য নাগরিকদের জন্য একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা।
তিনি বলেন, নগর উন্নয়ন বলতে শুধু অবকাঠামো নয়, বরং নাগরিকদের নিরাপদ, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন জীবন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
প্রধান পরিকল্পনাসমূহ:
- অবকাঠামো উন্নয়ন: যানজটমুক্ত সড়ক, হাঁটার উপযোগী ফুটপাত, সুলভ গণপরিবহন, ফ্লাইওভার ও মেট্রোরেল ব্যবস্থার উন্নয়ন।
- সৌন্দর্যবর্ধন: পার্ক, খেলার মাঠ, জলাশয় ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন; দেয়ালচিত্র ও ভাস্কর্য স্থাপন।
- পরিবেশ রক্ষা: বৃক্ষরোপণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদি পরিবেশ পরিকল্পনা।
- বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত বর্জ্য সংগ্রহ, রিসাইক্লিং ব্যবস্থা এবং নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা চালু।
- পরিচ্ছন্ন নগরী: রাস্তা, ফুটপাত ও বাজার এলাকা পরিষ্কার রাখা এবং অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ।
- মশা নিয়ন্ত্রণ: নিয়মিত ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম জোরদার।
- বিশুদ্ধ পানি: শতভাগ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা।
- সচেতনতা বৃদ্ধি: নাগরিকদের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা।
- মৌলিক সেবা: শিক্ষা, চিকিৎসা ও আবাসনের সহজলভ্যতা নিশ্চিত করা।
- অর্থনৈতিক সুযোগ: কর্মসংস্থান ও ব্যবসার পরিবেশ সৃষ্টি করে নাগরিকদের স্বনির্ভর করা।
তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন পেলে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সক্ষম হবেন।