মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ এবং ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত শিকদার।
চন্দ্রগঞ্জ উপজেলা যুবদল শাখার আহ্বায়ক এনায়েত উল্যাহ, যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক মেম্বার, সদস্য সচিব আবদুল মুকিত সোহেল এবং চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীরের স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সুনির্দিষ্ট অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, যুবদল নেতা জালাল আহমেদকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—এ মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান।
অন্যদিকে ছাত্রদল নেতা রিফাত শিকদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, পূর্বে তাকে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।
থানা নেতৃবৃন্দ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী–এর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতারা আরও বলেন, দলীয় শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষা, জীবনমান উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে—এ অবস্থায় কোনো নেতাকর্মীর অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।