কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-৪ (রৌমারি–রাজিবপুর–চিলমারী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোছাঃ মমতাজ হোসেন লিপি বেগমের মনোনয়ন দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এতে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
১০ ডিসেম্বর রাতে রৌমারী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে শত শত মানুষের অংশগ্রহণে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা লিপি বেগমকে এই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন রৌমারি থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ বাবু, মোঃ শুক্কুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সানোয়ার হোসেন, মোঃ সুনাম আলী, মোঃ মোকলেস আলী, মহিলা দলের নেত্রী মোছাঃ আয়শা বেগম, মোছাঃ আসমা খাতুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “এই আসনে একই পরিবারের একজন জামায়াতের এবং আরেকজন বিএনপির প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাই দলীয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিশ্চিত বিজয়ের জন্য মমতাজ হোসেন লিপিকেই ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন দিতে হবে।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন—মনোনয়ন পেলে লিপি বেগমই এই আসনে বিএনপিকে বিজয় উপহার দিতে সক্ষম হবেন।