কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
সভায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কিত সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ৩,০৮৫টি আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ২,৮৫২টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ২,৭৭৫টি মামলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এ সময়ে বিচারপ্রার্থীরা গ্রাম আদালতের মাধ্যমে মোট ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন এনজিও ফ্রেন্ডশিপ-এর প্রতিনিধি আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আরিফুল ইসলাম রিগান, তামজিদ তুরাগ, মাসুদ রানা, আনোয়ার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা।
সভায় গ্রাম আদালত কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।