ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করছে এবং করবে— এটিই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশি হিসেবে এর মধ্য দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।

তিনি আরও বলেন, “আমাদের রাষ্ট্র ও সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।”

এ সময় তারেক রহমান পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তার অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়— এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী সতর্ক করে বলেছেন, কেয়ামতের দিন আমিই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারদীয় উৎসবকে ঘিরে যেন কেউ সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

দেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারাদেশে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

সবশেষে তিনি নিজের ও বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *