নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ব্র্যাক ইউপিজি কর্মসূচির (ভিএসএসসি) আওতায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার আলেয়াপাড়া গ্রামে ‘গ্রাম সামাজিক শক্তি কমিটি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী সাফরিনা জান্নাত এবং সিনিয়র অফিসার (এগ্রিকালচার অ্যান্ড ইনকাম জেনারেশন) নুজহাত ফৌজিয়া।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে গ্রামাঞ্চলের অসহায় মানুষগুলো কষ্টে দিনাতিপাত করছে। ব্র্যাকের এই উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। সমাজের সামর্থ্যবানদেরও এভাবে শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে ব্র্যাক ইউপিজি কর্মসূচির ৫০টি পরিবারের মাঝে একটি করে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক দামপাড়া শাখার ব্যবস্থাপক পাপন কর্মকার, কর্মসূচি সংগঠক আসমা সুলতানা, মাসুম বিল্লাহ এবং কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।