কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, উপজেলা প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তারা, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা, নারী কৃষক ও খামারীরা। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় নারী কৃষক ও খামারীরা চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা, খামার পরিচালনা ও উৎপাদনসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে সবার সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধান অতিথি ফরিদা আখতার বলেন—
“নারী কৃষকদের টেকসই উন্নয়নের মূলধারায় আনা ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। মাঠ পর্যায়ে কাজের সমন্বয় ও সহযোগিতা বাড়াতে হবে।”