মিরপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ঢাকা১৪ এপ্রিল ২০২৬

রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড়ে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংঘটিত এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সজীব নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারী গ্রুপের সদস্য মেহেদুল (১৯) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এসে ‘দীপ-মানিক’ গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে চলন্তিকা মোড়ে ‘সজীব’ গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল। সংঘর্ষ চলাকালে সজীবকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

হামলার পর দীপ-মানিক গ্রুপের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মেহেদুল নামের এক তরুণকে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক মেহেদুলের বাবার নাম কামাল হোসেন। তার বর্তমান ঠিকানা মিরপুরের দারুস সালামের লালকুঠি এলাকায় এবং স্থায়ী ঠিকানা ভোলা সদর বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পূর্বের একটি হামলার ঘটনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত। কিছুদিন আগে সজীব গ্রুপের সদস্যরা দীপ-মানিক গ্রুপের ওপর হামলা চালিয়েছিল। এরই প্রতিশোধ হিসেবে মঙ্গলবার পাল্টা হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আহত সজীবের পরিবারকে ঘিরে এলাকায় নানা অভিযোগ রয়েছে। তার পিতা সাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় কিশোর গ্যাং কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

ঘটনার পর আহত সজীবকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এদিকে, প্রকাশ্য দিবালোকে এমন সংঘর্ষের ঘটনায় পুলিশের দেরিতে উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সংঘর্ষ শেষ হওয়ার বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর পুরো চলন্তিকা মোড় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *