শহীদ ওসমান হাদির স্থলে বোন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে নলছিটিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি | মোঃ নাঈম মল্লিক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে তার শূন্যতা পূরণে ছোট বোন মাসুমা হাদিকে ওই আসনে প্রার্থী করার দাবি জানিয়েছে ছাত্র-জনতা।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বক্তাদের বক্তব্য: মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন, “নলছিটির কৃতি সন্তান শরিফ ওসমান হাদি ইনসাফ ও গণতন্ত্রের লড়াইয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ দিয়েছেন। তিনি সংসদে গিয়ে জনগণের পক্ষে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু ঘাতকরা তাকে থামিয়ে দিয়েছে। আমরা তার আদর্শ ও সংগ্রামকে বাঁচিয়ে রাখতে চাই।”

তারা আরও বলেন, “শহীদ ওসমান হাদির পরিবারের কাউকে এখন ঘুরে দাঁড়াতে হবে। মাসুমা হাদির মাঝে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি খুঁজে পাই। তাই ঢাকা-৮ আসনে আমরা মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভাইয়ের অসমাপ্ত স্বপ্ন পূরণ করবেন বলে আমাদের বিশ্বাস।”

মাসুমা হাদির প্রতিক্রিয়া: এ বিষয়ে শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেন, “এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও আমার পরিবারের পক্ষ থেকে সম্মিলিত সিদ্ধান্ত হলে আমি এই লড়াইয়ে নামতে এবং নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।”

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শরিফ ওসমান হাদি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার মৃত্যুর পর তার জন্মস্থান নলছিটিসহ সারা দেশের ছাত্র-জনতার মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *