নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ব্র্যাক ইউপিজি কর্মসূচির (ভিএসএসসি) আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার জালালপুর গ্রামে ‘গ্রাম সামাজিক শক্তি কমিটি’র উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর সাফরিনা জান্নাত, সিনিয়র অফিসার নুজহাত ফৌজিয়া এবং ব্র্যাকের দামপাড়া শাখা ব্যবস্থাপক পাপন কর্মকার।
এই উদ্যোগের আওতায় ৫০ জন ইউপিজি সদস্য পরিবারের মাঝে ২টি করে ফলজ ও সবজির চারা (পেঁপে ও মরিচ) বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ ইমতিয়াজ মনির বলেন, “গাছ লাগানো কেবল পরিবেশ রক্ষার জন্য নয়, বরং বাড়ির আঙিনায় সবজি ও ফলের চাষ পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখে। ব্র্যাকের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক আসমা সুলতানা ও মাসুম বিল্লাহ এবং কিশোরগঞ্জ ইয়ুথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ক্ষুদ্র উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।