নিজস্ব প্রতিবেদক
অনলাইন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সক্রিয় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC)। গত ২০ নভেম্বর ২০২৫ দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন—মো. পেয়ার আহমেদ (২৪) এবং মোহাম্মদ আলী (৪২)।
সিআইডি জানায়, এই চক্রটি ইউটিউব সাবস্ক্রিপশন ও অনলাইন ট্রেডিংয়ের লোভ দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তারা নিজেদের মালয়েশিয়াভিত্তিক “Brand Soul Digital Marketing” এবং এর বাংলাদেশি এজেন্ট “TASK BD Online Trade”-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলত।
প্রথমে সামান্য বিনিয়োগে অল্প কিছু মুনাফা প্রদান করে ভুক্তভোগীর আস্থা অর্জন করত চক্রটি। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নিত বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। কিন্তু বড় বিনিয়োগের পর প্রতারকরা হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত এবং ভুক্তভোগীদের গ্রুপ বা চ্যাট থেকে সরিয়ে দিত।
এভাবে প্রতারণার শিকার হয়ে একজন ভুক্তভোগীর কাছ থেকে মোট ২,৭৪,৮১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে তিনি বাড্ডা থানায় মামলা (নং- ০৮, তাং- ০৬/০৫/২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড) দায়ের করেন।
মামলাটি সিআইডির CPC ইউনিটে হস্তান্তরের পর আধুনিক প্রযুক্তির সহায়তায় দুই প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তদন্তে আরও জানা গেছে, চক্রের আরেকটি অংশ দুবাই ও সৌদি আরব থেকে পরিচালিত হচ্ছে।
সিআইডি জানিয়েছে, মামলার পূর্ণ রহস্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অনলাইনভিত্তিক প্রতারণামূলক অফার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।