মাহবুব হোসেন মেজর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর, ৩০ অক্টোবর — দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দীর্ঘ আট বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা এক হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল ধ্বংস করা হয়।
সাবরেজিস্ট্রার নাজমুল হক জানান, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দুই বছরের বেশি সময় দাবিহীন থাকা দলিল ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে জমে থাকা দাবিহীন দলিলগুলো আজ ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, “বহু বছর ধরে এসব দলিলের মালিক কেউ সংগ্রহ করতে না আসায় নির্ধারিত কমিটির অনুমোদন নিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।”
দলিল ধ্বংসের সময় দলিল লেখক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিনের স্তুপ অপসারণ হওয়ায় অফিসের পরিবেশ আরও পরিষ্কার হয়েছে এবং দৈনিক কার্যক্রম পরিচালনা সহজ হবে।