আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনাকালে খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুযোগ বুঝে ব্যাগ থেকে একটি আইফোন ১৪, একটি ভিভো ১২ মোবাইল, এবং মানিব্যাগসহ এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, “আদালত চলাকালীন বিচারকগণ নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন অতিরিক্ত জজ মহোদয়। ওই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।”

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, “চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল ও মানিব্যাগ উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *