মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বন্দর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং-২১০৩) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোট গ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা তাদের নেতৃত্ব নির্বাচন করেন।
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. ওবায়দুর রহমান ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী মনোজ কুমার বসাক টেবিল প্রতীকে মাত্র ৪ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে মো. মাহাবুব রহমান বাবু ৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাত মল্লিক পান ৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে রাব্বিল মল্লিক, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির জনি, কোষাধ্যক্ষ পদে মঞ্জুরুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু হাসনাত অন্তর, দপ্তর সম্পাদক পদে জহুরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে অর্ণব মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ভোটার ছিলেন ৮০ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৬৯ জন, বাতিল হয় ৪টি ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম কর্মকর্তা মো. হুমায়ুন কবির (দিনাজপুর), শ্রমিক নেতা ওমর মল্লিক, মশফিকুর রহমান, সোহেল রানা, গোলাম মোর্শেদসহ অনেকে।
সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক এর নির্দেশনায় এএসআই হারুন ও সঙ্গীয় ফোর্স।