চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:- দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীতে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব এবং নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট দেশের আরও ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। জেলাগুলো হলো—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

তখনকার প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়।

এছাড়া মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণায় এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *