সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি : ১৬ সেপ্টেম্বর

কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান এবং লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর-এর নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন-এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন,
“আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি এম. হাসান ও আজকের পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে যে মামলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিগত সরকারও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছিল, কিন্তু সত্যের পথে সাংবাদিকদের দাবিয়ে রাখতে পারেনি। এবারও পারবে না।”

কেজিইউজের যুগ্ম আহ্বায়ক, ইনডিপেনডেন্টআমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,
“সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও বন্ধ হয়নি। কখনও হামলা, কখনও মামলা দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।”

সমাপনী বক্তব্যে কেজিইউজের সদস্য সচিব, দৈনিক জনকণ্ঠএটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,
“প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে, যা অধিকাংশই করছে একটি রাজনৈতিক দলের কর্মীরা। যারা এখনও ক্ষমতায় বসেনি, তারাই সাংবাদিক হয়রানি শুরু করেছে। অদূর ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসে, তবে সাংবাদিকদের আরও দমন-পীড়নের শিকার হতে হবে। আমরা তা চাই না। ২৪-পরবর্তী বাংলাদেশে আমরা মুক্ত সাংবাদিকতার পরিবেশ চাই।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন— কালের কণ্ঠ এর উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, স্টার নিউজ এর জেলা প্রতিনিধি জুবাইর ইসলাম, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলা পত্রিকার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাব এর চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ এর রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কণ্ঠ এর রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *