সাংবাদিক দুলাল বিশ্বাসের গ্রেপ্তারের প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ফুটপাতে অবৈধ চাঁদাবাজির তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক দুলাল বিশ্বাসের ওপর হামলা এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

শনিবার সকালে মিরপুরে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা সাংবাদিক দুলাল বিশ্বাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক হামলার শিকার হওয়ার পর উল্টো তাঁর বিরুদ্ধেই মামলা ও গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাদের মতে, এ ধরনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, মিরপুরের ফুটপাতকেন্দ্রিক একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্রের বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক দুলাল বিশ্বাস হামলার শিকার হন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিক দুলাল বিশ্বাস যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়ে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তারা।

বক্তারা বলেন, “তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অথচ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিক দুলাল বিশ্বাসের মুক্তি এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি বা হামলার ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *