কুড়িগ্রাম প্রতিনিদি- ভুরুঙ্গামারী, ১৯ ডিসেম্বর ২০২৫:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য।
শুক্রবার বিকেলে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান কিরণ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণঅধিকার পরিষদের রোকনুজ্জামান এবং জুলাই যোদ্ধা মফিজুল হক।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
তারা বলেন, হাদির হত্যাকাণ্ডে সারা দেশে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিক্ষোভ কর্মসূচি সেই প্রতিবাদেরই অংশ। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।