কুড়িগ্রাম প্রতিনিধি- কুড়িগ্রাম, ১৯ ডিসেম্বর ২০২৫:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম–রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
এ সময় বিক্ষোভকারীরা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে শাপলা চত্বর ও আশপাশের এলাকা উত্তাল হয়ে ওঠে।
ব্লকেড কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা অবিলম্বে ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করেন।
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট অপশক্তির সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখা এবং জাতীয় নারী শক্তিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।