কুড়িগ্রাম প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা শহরের সবুজপাড়াস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ, সাগর সুপার মার্কেট ও জাহাজ ঘর মোড় হয়ে পুনরায় পার্টি অফিসের সামনে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এবি পার্টি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খাঁন, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা সদস্য আমিনুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, চিলমারী উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন, পৌর আহ্বায়ক রেজাউল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
মিছিলে নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন—
“ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”,
“সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”,
“ফ্যাসিস্ট গেছে যে পথে, চাঁদাবাজরা যাবে সেই পথে”,
“চাঁদাবাজরা দেখে যা, রাজপথে তোর বাবারা।”
বিক্ষোভ শেষে জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খাঁন বলেন, “বরিশালের বীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও নতুনভাবে তাদের উত্থান দেখা যাচ্ছে। তারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ সৃষ্টি করতে চায়। এবি পার্টি এ ধরনের অপশক্তিকে প্রতিহত করবে। বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।”