ঝালকাঠি প্রতিনিধি
এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিককে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, গত ১৯ জুন ‘নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই মহসিন সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত ছিলেন। পরবর্তীতে মহসিন ও তাঁর সহযোগী রাশেদ খান মিঠুর নেতৃত্বে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।
পরে সোমবার দুপুরে প্রেসক্লাব সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক কে এম সবুজ ইউএনওর ডাক অনুসারে তাঁর কার্যালয়ে যান। সেখানে ইউএনও সরাসরি মহসিন ও মিঠুকে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৈঠক শেষে সাংবাদিকরা নিচে নামলে মহসিন ও মিঠুর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী কে এম সবুজের ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক কে এম সবুজ জানান, “মহসিনের বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী থানায় অভিযোগ করার পর আমি বিষয়টি নিয়ে সংবাদ করি। এরপর থেকেই মহসিন আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। ইউএনও নির্মাণকাজে বাধা দিলে এবং আমি তাঁর কথার সঙ্গে একমত হলে মহসিন ও মিঠুর নেতৃত্বে আমার ওপর এ হামলা চালানো হয়।”
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”