কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় আধা কিলোমিটারের মধ্যে দুটি সেতুর আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে পড়ায় চরম ঝুঁকিতে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে একটি সেতুর অর্ধেক অংশ দেবে গেছে। ফলে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে প্রতিদিন হালকা যানবাহন ও হাজার হাজার মানুষ চলাচল করছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতু দুটি নড়বড়ে হয়ে গেছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা রাফিজুল ইসলাম বলেন, “সেতুগুলো দিয়ে যানবাহন গেলেই কেঁপে ওঠে। দ্রুত সংস্কার করা না হলে জানমালের ক্ষতি অনিবার্য।”
পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, “প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচও বেড়ে গেছে।”
স্থানীয় ইউপি সদস্য শামসুল হক জানান, প্রায় ৩০-৩৫ বছর আগে নির্মিত সেতু দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে ভারী যান চলাচল বন্ধ থাকায় দুধকুমার নদীর ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ কাজও ব্যাহত হচ্ছে।
ভুরুঙ্গামারী উপজেলা এলজিইডি প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, “ঝুঁকিপূর্ণ সেতু দুটি নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নির্মাণকাজ শুরু হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সেতু দুটি সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং পুরো ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।