শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নেই জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক জোটের র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় গঠিত সংগঠন বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে। গতকাল শুক্রবার (১ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন আধুনিক-এর সভাপতি প্রফেসর ডা. হাসিনা বানু, বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি রুফায়দাহ পন্নী, সিনিয়র সহ-সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা এবং সন্ত্রাসবিরোধী জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাহবুব আলম মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনটির সভাপতি রুফায়দাহ পন্নী শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা নির্যাতিত হয়েছেন এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন। সমাজের সুবিধাবাদী শ্রেণি শ্রমিকদের রক্ত ও ঘামের ওপর নিজেদের বিলাসিতার প্রাসাদ নির্মাণ করেছে এবং তারা কখনোই চায় না শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।তিনি আরও বলেন, শ্রমিকদের প্রকৃত মুক্তি পেতে হলে নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নির্যাতিত মানুষ ও শ্রমিকদের অধিকারের জন্য দাসপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। পবিত্র কোরআনেও নিপীড়িত মানুষের মুক্তির জন্য সংগ্রামের নির্দেশনা রয়েছে। এই সংগ্রামে সফল হতে হলে সঠিক নেতৃত্ব ও আদর্শের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও শ্রমিকদের রক্ত ও ঘামের ঋণ শোধের কথা বলেছেন।সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা সাংবাদিকদের বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, “আমরা সংবাদকর্মীরাও এক ধরনের শ্রমিক—কলম শ্রমিক। অথচ আমাদের চাকরির নিরাপত্তা নেই, নেই পেনশন সুবিধা। যখন-তখন সাংবাদিকদের ছাঁটাই করা হচ্ছে, ইনক্রিমেন্ট নেই বললেই চলে।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ফলে অধিকাংশ সাংবাদিক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য ও অবিচারের অবসান হওয়া জরুরি।সমাবেশে অন্যান্য বক্তারা আধুনিক শোষণ ব্যবস্থার সমালোচনা করেন এবং শ্রমিক নির্যাতন বন্ধ ও নারী-পুরুষের সমমজুরি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজনেরা অংশগ্রহণ করেন। তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *