নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডস্থ ফায়েনাজ টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এবং সঞ্চালনা করেন মহাসচিব শামছুল আলম।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, অর্থবিষয়ক সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম এবং ধর্মবিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার বলেন, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সাংবাদিকদের কাজ করতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মহাসচিব শামছুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে এবং টেকসই পেশাগত নীতিমালা প্রণয়ন জরুরি।
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ। তবে এখনও অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত হয়নি।
যুগ্ম মহাসচিব লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বলেন, সাংবাদিকতা একটি সৃজনশীল ও দায়িত্বশীল পেশা, যেখানে সত্য, ন্যায় ও মানবিকতার চর্চা অপরিহার্য।
সাংগঠনিক সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী বলেন, সাংবাদিকদের ওপর নানা চাপ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যা সুস্থ সাংবাদিকতার পথে বাধা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সভা শেষ হয়।