মো. ইসমত দোহা, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়নে মরহুম আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি গত সাত বছর ধরে নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাস্টার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত মিজি প্রমুখ।
এক প্রশ্নের জবাবে ফাউন্ডেশনের পরিচালক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাহাদাত হোসেন বলেন, “আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি একান্তই আমার ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগ। আমার প্রয়াত পিতা মরহুম আবুল কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ও আমার পরিবার এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও সামাজিক যেকোনো প্রয়োজনে আমরা জনগণের পাশে থাকব।”
উল্লেখ্য, সাহাদাত হোসেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রদল সভাপতি এবং চন্দ্রগঞ্জ থানা যুবদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।