কুড়িগ্রাম প্রতিনিধি | ১৪ মার্চ ২০২৬:
কুড়িগ্রাম সদর উপজেলা-এর ঐতিহ্যবাহী বৃহৎ যাত্রাপুর হাট-এ অতিরিক্ত ইজারা মূল্যের কারণে অস্বাভাবিক খাজনা আরোপ ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় যাত্রাপুর হাটের অটোস্ট্যান্ড এলাকায় ২০২৬–২৭ অর্থবছরে অতিরিক্ত ইজারা মূল্য নির্ধারণের প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে শত শত ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী রাজু আহমেদ রাজ্জাক, জাহিদুল ইসলাম, মাসুদ রানা ও আজগার আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, গত অর্থবছরে যাত্রাপুর হাটের ইজারা মূল্য ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা। কিন্তু চলতি ২০২৬–২৭ অর্থবছরে তা বাড়িয়ে ২ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য অস্বাভাবিক ও অযৌক্তিক।
তারা আরও বলেন, ইজারা মূল্যের এই অস্বাভাবিক বৃদ্ধি শেষ পর্যন্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী ও কৃষকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ীদের ওপর নির্মম জুলুম ও অন্যায়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা এই অযৌক্তিক ইজারা মূল্য বাতিলের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং অতিরিক্ত খাজনা প্রত্যাহারের আহ্বান জানান।