নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল স্থলবন্দর-এ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে ভারত থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ পণ্য আটক করেছে বাংলাদেশ কাস্টমস।
জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পণ্যের চালানটি আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স ভারত থেকে একটি ট্রাকে ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দেয়। তবে ঘোষণার বিপরীতে বেকিং পাউডারের পরিবর্তে অবৈধভাবে উচ্চ শুল্কযুক্ত বিভিন্ন পণ্য এনে স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে আনলোড করা হয়। এ চালানের সিএন্ডএফ এজেন্ট ছিল হুদা এন্টারপ্রাইজ।
জানা গেছে, গত ১২ মার্চ আমদানিকৃত পণ্যের চালানটি ৩৭ নম্বর শেডে আনলোড করা হয়। এ ঘটনায় ওই শেডের ইনচার্জ নুর আমিনের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, আটক পণ্যের মধ্যে রয়েছে প্রিমিয়াম মানের ৭ হাজার পিস শাড়ি, ৬ হাজার পিস থ্রি-পিস, ৩০০ পিস টু-পিস, ৩০০ কেজি বেবি ওয়্যার, ৫৫০ পিস ওড়না, ৬০০ কেজি ফেসওয়াশ, ১০০ কেজি বডি লোশন এবং ৬০০ কেজি বিশেষ ধরনের কেমিক্যাল।
স্থানীয় একটি সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি শক্তিশালী শুল্ক ফাঁকি চক্র সক্রিয় রয়েছে। তারা ভারত থেকে মিথ্যা ঘোষণা দিয়ে বিভিন্ন অবৈধ পণ্য এনে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।