নিজস্ব প্রতিবেদক
আজ পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতকে শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন মুসলমানরা। এ রাত ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।
বার্তায় তিনি পবিত্র এই রাতকে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ইবাদত-বন্দেগি, দান-সদকা, আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার নৈকট্য, বরকত ও মাগফিরাত লাভ করতে পারে।
শবে বরাত উপলক্ষে সারাদেশে মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর শুরু হওয়া অনুষ্ঠানে আলেমরা কোরআন-হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত, তাৎপর্য ও করণীয়-বর্জনীয় বিষয়ে আলোচনা করবেন।
রাতভর ব্যক্তিগত নফল ইবাদত ও জিকিরের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হবে।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।
ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ইবাদতে সময় কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দেশ-বিদেশের মুসলমানরা বিশেষ দোয়া করবেন।