নিজস্ব প্রতিবেদক, যশোর: আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ৮টি উপজেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জেলার মোট ৮২৪টি ভোটকেন্দ্র এখন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।
যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন এবং নারী ভোটার ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। বিশাল এই ভোটারদের জন্য ৮২৪টি কেন্দ্রে মোট ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
আসনভিত্তিক ভোটকেন্দ্রের তথ্য:
- যশোর-১ (শার্শা): ১০২টি কেন্দ্র ও ৫৭৭টি ভোটকক্ষ।
- যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): ১৭৫টি কেন্দ্র (ঝিকরগাছা ৯৪, চৌগাছা ৮১)।
- যশোর-৩ (সদর): ১৯০টি কেন্দ্র।
- যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর): ১৪৮টি কেন্দ্র।
- যশোর-৫ (মণিরামপুর): ১২৮টি কেন্দ্র।
- যশোর-৬ (কেশবপুর): ৮১টি কেন্দ্র।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, “আমাদের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ২৪ ঘণ্টা সজাগ রয়েছে।”