নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
বিচিত্র সাজে ‘যেমন খুশি তেমন সাজো’সহ মোট ৩১টি ইভেন্টে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গত দুই সপ্তাহের প্রস্তুতি শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী ৯৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও গত বার্ষিক পরীক্ষায় চমৎকার ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ মেধা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও উল্লেখ করেন, খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদক, ইভটিজিং ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও অবসর সময়ে গঠনমূলক কাজে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ওবায়দুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও দীঘলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির পলাশ, ভারপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মো. ফজলে এলাহী, শিক্ষক মোশারফ হোসেন সুমন, সাংবাদিক নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম ইমরান শাহেদ, ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান মারুফ, যুবদল নেতা মোরশেদ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।